কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।
অভিযানকালে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য চালক ও স্থানীয় ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় যানজটের অন্যতম কারণ হিসেবে ফুটপাত ও সড়কের জায়গা দখল, অনিয়ন্ত্রিত পার্কিং এবং সড়কের ওপর বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এসব কারণে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন,
“সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনাকালে কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযানের পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকলে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।