
নিজস্ব প্রতিবেদক কালিহাতী (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদের পাশেই প্লাস্টিক পুড়িয়ে কথিত ‘বার্নিশ অয়েল’ তৈরির অভিযোগ উঠেছে। এ কাজে সৃষ্ট কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করে একটি চক্র সেখানে বর্জ্য প্লাস্টিক পুড়িয়ে তেলজাতীয় পদার্থ তৈরি করে আসছে। অভিযোগ অনুযায়ী, মসজিদের একেবারে পাশে এ কার্যক্রম চলায় মুসল্লিরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, একই এলাকার জয়নাল, সুমন প্রামাণিক, ছুরমান, রুপচানসহ ৮-১০ জন মিলে দিন-রাত প্লাস্টিক পোড়ানোর কাজ করছেন বলে তাদের অভিযোগ। প্লাস্টিক পোড়ানোর সময় আশপাশে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও তীব্র রাসায়নিক গন্ধ। এতে অনেকের কাশি, শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
তাদের আরও অভিযোগ, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধ সরাসরি দুর্গাপুর উত্তরপাড়া মসজিদে প্রবেশ করছে। ফলে মুসল্লিদের নামাজ ও নিয়মিত ইবাদত-বন্দেগিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি ধোঁয়া ও ছাইয়ের কারণে আশপাশের গাছপালা ও কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের পাশে এমন পরিবেশদূষণকারী কার্যক্রম কীভাবে চলতে পারে, তা তাদের বোধগম্য নয়। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বাধা দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা আমলে নিচ্ছেন না।
একাধিক গ্রামবাসী বলেন, “দিন-রাত বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হচ্ছে। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা আতঙ্কে আছি। দ্রুত এই কার্যক্রম বন্ধ করে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”
গ্রামবাসীর দাবি, অবিলম্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিবেশদূষণকারী কার্যক্রম বন্ধ করতে হবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, ঘটনাস্থলে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। পরিবেশদূষণকারী কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের পদক্ষেপের মাধ্যমে কথিত প্লাস্টিক পোড়ানোর কার্যক্রম বন্ধ এবং দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি জানিয়েছেন।
Leave a Reply