
টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের বর্ণাঢ্য রোড শো
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
টাঙ্গাইল প্রতিনিধি : মো মিজানুর রহমান (শামীম)
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে বর্ণাঢ্য ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) শহরের ছয়আনী বাজারে অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখার সামনে থেকে রোড শোটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা বাংলা কিউআর (BANGLA QR)-এর মাধ্যমে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।
অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. নূর মোহাম্মদ রাজ্যসহ আঞ্চলিক কার্যালয় ও টাঙ্গাইল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
রোড শো চলাকালে অংশগ্রহণকারীরা ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে ডিজিটাল লেনদেনের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ বলেন, “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনবান্ধব করতে অগ্রণী ব্যাংক কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনের প্রসারের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক।
আয়োজকরা জানান, বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ রোড শোর মূল উদ্দেশ্য।
Leave a Reply