
কালিহাতীতে রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ও গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সারওয়াত সিরাজ শুক্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দিতে হবে। একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
সারওয়াত সিরাজ শুক্লা বলেন, কালিহাতী উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি শিক্ষিত গ্রাম মহেলা।
শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে আমার পিতা স্বাধীনতার ইশতেহার পাঠক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের লাল সবুজের পতাকার স্বপ্নদ্রষ্টা, কালিহাতীর মাটি ও মানুষের নয়নমনি, বার বার আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মরহুম শাজাহান সিরাজকে। এ গ্রামের মুখে মুখে তার নাম এখনও উচ্চারিত হয়। আমিও এলাকাবাসীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করি। মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় নামে যে স্কুলটি সেই স্কুলের একটি করুন ইতিহাস আছে। যখন সঞ্চালক আমাকে এই স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের একজন সদস্য হিসেবে ঘোষণা করলেন আমার চোখ ছল ছল করে উঠেছে। যখন এখানে পায়ে হেটে মহেলা এলাকায় আসতে হতো তখন ১৯৭৯ সালে একজন তরুরী গৃহবধু হিসাবে তিনি এখানে এসেছিলেন ২য় জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন করতে। সেই থেকে তিনি আমার মা কিন্তু বার্র্ধকে্ ভুগছেন। তিনি আমার মা। আমার মায়ের নামে মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়। সরকারি নিয়ম মেনে আমার মা এই স্কুলে অনুদান দিয়েছেন, সহযোগিতা করেছেন। এই এলাকার একটি অংশ আমার মায়ের নামে স্কুলটি মেনে নিতে পারেনি। তারা আমার মায়ের নাম এই স্কুল থেকে মুছে ফেলতে চেয়েছেন। আইনী লড়াই করে চলতি বছরের জানুয়ারী মাসের ২২ তারিখে জয়লাভ করেছি, মহেলা গ্রামে প্রতিষ্ঠিত স্কুলটি রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় নামে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেছ উদ্দিন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply