
কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের
মাদক, বাল্যবিবাহ, অবৈধ ক্লিনিক-ল্যাব, জুয়া ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসজুড়ে বিভিন্ন অপরাধ দমন এবং জনস্বার্থে আইন বাস্তবায়নে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের মাসিক তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৩টি মামলায় ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথমার্ধে ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩২টি মামলায় ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মাসের দ্বিতীয়ার্ধে আরও ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪১টি মামলায় ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ পর্যায়ে ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিচালিত মোবাইল কোর্টগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ নিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবচেয়ে বেশি ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও, আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply