
শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক কালিহাতী (টাঙ্গাইল)
সাফল্যের প্রত্যয়ে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ২০২৭ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২০২৭ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিহাতির সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, কালিহাতি থানার অফিসার ইনচার্জ জনাব কাইয়ুম খান সিদ্দিকী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ.কে.এম আমির হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ লুৎফর রহমান (লেলিন) এবং সাধারণ শিক্ষক সদস্য জনাব মোহাম্মদ সেলিম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ শাহ আলম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অনামিকা খন্দকার।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই শিক্ষার দায়িত্ব সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২৭ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য বর্তমান সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই নিয়মিত পড়াশোনা, দুর্বল বিষয়গুলোতে বাড়তি মনোযোগ এবং পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি তাদের উৎসাহ ও মানসিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মোবাইল ফোন ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিষয়ে সময় অপচয় না করে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং ২০২৭ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবর আলী তালুকদার। তিনি অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে এ ধরনের অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply