
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট
৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা, বিনষ্ট করা হলো এক্সকাভেটর
কামাঙ্খা, মণ্ডলবাড়ী ও সল্লা ঘাটে অভিযান; অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেক্যু (এক্সকাভেটর) বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামাঙ্খা ঘাট, মণ্ডলবাড়ী ঘাট ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযানে দায়িত্ব পালন করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, নদীর বিভিন্ন ঘাটে নিষিদ্ধ ও অবৈধ উপায়ে বালু উত্তোলন এবং বিক্রি বন্ধে এ ঝটিকা অভিযান চালানো হয়। আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে সংশ্লিষ্টদের মোট ৪ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। এ ছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেক্যু (এক্সকাভেটর) বিনষ্ট করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, নদী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা: কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান নদী ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের ধারাবাহিক উদ্যোগের অংশ।
Leave a Reply